রাহুলের রাজনীতিতে আসা নিয়ে স্মৃতিকথায় মুখ খুললেন সোনিয়া গান্ধী

রাহুল গান্ধীর রাজনীতিতে আসার নেপথ্যের কাহিনী নিয়ে নিজের স্মৃতিকথায় বিস্তারিত আলোচনা করেছেন সোনিয়া গান্ধী। তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই রাজীব গান্ধী রাহুলকে নিয়মিত আমেঠিতে নিয়ে যেতেন, যাতে তিনি গ্রামীণ ভারতের বাস্তব পরিস্থিতির সঙ্গে পরিচিত হতে পারেন। বিদেশ থেকে ফেরার পর রাহুল আমেঠিতে স্থানীয় মানুষের সঙ্গে সময় কাটাতেন, যা তাকে সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ করে তোলে। শেষ পর্যন্ত আমেঠির মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করার আগ্রহ থেকেই তিনি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
সোনিয়া গান্ধী উল্লেখ করেছেন, কেমব্রিজে এমফিল করার সময় এবং বিদেশে চাকরিরত অবস্থাতেও রাহুল ভারতের রাজনীতির ওপর নিয়মিত নজর রাখতেন। কংগ্রেসের পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে তাঁকে রাজনীতিতে আসার অনুরোধ জানানো হয়েছিল। রাহুল জানতেন যে এই সিদ্ধান্ত তাঁর জীবন পুরোপুরি বদলে দেবে এবং তাঁকে জনসমক্ষে জবাবদিহি করতে হবে। শেষ পর্যন্ত মা ও বোনের সঙ্গে আলোচনার পর রাহুল এই কঠিন পথে পা রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
স্মৃতিকথায় সোনিয়া জানিয়েছেন, ২০০৪ সালের মার্চে রাহুল আমেঠি থেকে এবং তিনি নিজে রায়বরেলি থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দুই দশক আগে রাজীব গান্ধীকে রাজনীতি থেকে দূরে থাকার অনুরোধ করলেও, ছেলের ক্ষেত্রে তিনি কোনো বাধা দেননি। এছাড়া, বাবার রাজনীতির পথ নিয়ে রাহুলের মনে কিছু মতবিরোধ থাকলেও, পিতার মূল্যবোধ এবং প্রতিকূলতার মধ্যেও রাজীবের সাহসের প্রতি রাহুলের গভীর শ্রদ্ধা ছিল বলে সোনিয়া জানিয়েছেন।