বিজেপিতে যোগ দিলেন ক্রিকেটার যুজবেন্দ্র চহল, পেলেন ওবিসি মোর্চার বিশেষ পদ

ভারতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ যুজবেন্দ্র চহল আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেছেন। শনিবার রাতে পদ্মশিবিরে তাঁর যোগদানের বিষয়টি প্রকাশ্যে আসে। দলে যোগ দেওয়ার পরপরই তাঁকে বিজেপি ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজেপির ওবিসি মোর্চার সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অমরপাল মৌর্যের সঙ্গে চহলের একটি ছবি প্রকাশ্যে আসার পরেই এই রাজনৈতিক পরিবর্তনের খবর সামনে আসে। অমরপাল মৌর্য ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করেছেন। সেই তালিকায় ৩৭ জন সদস্যের পাশাপাশি তিনজন বিশেষ আমন্ত্রিত সদস্যের নাম রয়েছে, যার মধ্যে অন্যতম হলেন চহল।
এই তালিকায় চহল ছাড়াও ওড়িশার অধ্যাপক অদ্বৈতচরণ গণনায়ক এবং উত্তরপ্রদেশের আইনজীবী সীমা সমৃদ্ধি কুশওয়াহার নাম রয়েছে। এছাড়া জাতীয় কার্যনির্বাহী কমিটির ৩৭ জনের তালিকায় পশ্চিমবঙ্গ থেকে অজিত দাস এবং মীনাক্ষী কর্মকার দাসের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। ওবিসি মোর্চার সর্বভারতীয় পদাধিকারীদের তালিকায় সাতজন সহ-সভাপতি, তিনজন সাধারণ সম্পাদক এবং সাতজন সম্পাদককে রাখা হয়েছে।