বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে টানা জিজ্ঞাসাবাদ সিআইডির

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ডুপ্লিকেট কার্বন রিসিট (ডিসিআর) সংক্রান্ত কয়েকশো কোটি টাকার দুর্নীতি মামলায় টানা জিজ্ঞাসাবাদ করল সিআইডি। শুক্রবার ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার দুপুরে ফের সিউড়ি থানায় হাজিরা দেন তিনি। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ পর্ব। এরপর হাসিমুখেই থানা থেকে বেরিয়ে যান ওই ব্যবসায়ী।
তৃণমূল আমলে সরকারি প্রকল্পের বরাত পাওয়া টুলু মণ্ডলের বিরুদ্ধে বিশাল অঙ্কের রাজস্ব তছরুপ ও ভুয়ো রসিদ তৈরির অভিযোগ রয়েছে। এই মামলায় বীরভূম জেলা পুলিশ আদালতে চার্জশিটও জমা দিয়েছে এবং টুলুর বেশ কয়েকজন ঘনিষ্ঠকে গ্রেফতার করা হয়েছে। এতদিন বিদেশে থাকলেও সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়ে দেশে ফিরেছেন তিনি। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো দমনমূলক পদক্ষেপ করা যাবে না, তবে তদন্তে পূর্ণ সহযোগিতার শর্ত রয়েছে।
জিজ্ঞাসাবাদের পর টুলু মণ্ডল দাবি করেন, তিনি আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং তদন্তে সবরকম সহযোগিতা করছেন। তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক তছরুপের সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তবে সিআইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় টুলু অনেক প্রশ্নেরই সরাসরি উত্তর এড়িয়ে গিয়েছেন। তদন্তকারীদের একাধিক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। এই পরিস্থিতিতে তদন্তের স্বার্থে তাঁকে শীঘ্রই ফের তলব করা হতে পারে বলে জানা গিয়েছে।