বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে নামবে তাপমাত্রা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা ও ছত্তিশগড়ের ওপর দিয়ে যাওয়ায় এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে দিনের বেলায় অস্বস্তি বজায় থাকবে। তবে বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং শুক্রবার থেকে আবহাওয়া শুষ্ক ও মনোরম হবে।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও মঙ্গলবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত এই জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক হয়ে আসবে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমলে শহরে কুয়াশার প্রকোপ বাড়বে এবং সপ্তাহান্ত থেকে তাপমাত্রার পারদ নামার ফলে শীতের আমেজ অনুভূত হবে।