সোনা কেনা কমানোর পরামর্শে সাড়া দিয়েছেন দেশবাসী, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী

সোনা কেনা কমানোর পরামর্শে সাড়া দিয়েছেন দেশবাসী, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী

চলতি বছরের মে মাসে পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহে দেশবাসীর উদ্দেশে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তালিকায় অন্যতম ছিল এক বছর সোনা কেনা থেকে বিরত থাকার আর্জি। শনিবার প্রধানমন্ত্রী জানান, তাঁর সেই অনুরোধে সাড়া দিয়ে ভারতবাসী সোনা কেনা কমিয়ে অর্থ সঞ্চয় করেছেন। এই সাড়ায় তিনি অত্যন্ত উচ্ছ্বসিত এবং দেশবাসীর প্রশংসাও করেছেন।

প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর ভূমিকার কথা স্মরণ করেন। সেই সময় খাদ্য সঙ্কটের মোকাবিলায় শাস্ত্রীজি দেশবাসীকে সপ্তাহে অন্তত এক বেলা খাবার না খাওয়ার অনুরোধ করেছিলেন, যা দেশবাসী মেনে নিয়েছিল। মোদীর মতে, ভারতের সেই চরিত্র আজও অপরিবর্তিত রয়েছে। তাঁর দাবি, সাধারণ মানুষের আহ্বানে সাড়া দেওয়ায় হলুদ ধাতুর দামও কমেছিল।

উল্লেখ্য, ভারত প্রতি বছর প্রায় ৭০০ থেকে ৮০০ টন সোনা কেনে, যার ৯০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। এর ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয়। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, বৈদেশিক মুদ্রা বাঁচাতে এবং দেশের স্বার্থে এই সঙ্কল্প নেওয়া জরুরি। সোনা কেনা ছাড়াও পেট্রল-ডিজেলের ব্যবহার কমানো, বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণ এবং বিদেশি পণ্য বর্জনের মতো একাধিক ব্যয়সংকোচনমূলক পদক্ষেপের পরামর্শ দিয়েছিলেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *