লন্ডনের আদালতে বড় ধাক্কা, নীরব মোদীকে ফেরত দিতে হবে ১০০ কোটি টাকা!
লন্ডনের সার্কিট কমার্শিয়াল কোর্টে বড়সড় আইনি ধাক্কা খেলেন পলাতক ভারতীয় হীরা ব্যবসায়ী নীরব মোদি। আদালতের সাম্প্রতিক রায়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে নেওয়া ঋণ সুদসহ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। ব্রিটিশ আদালতের এই সিদ্ধান্তের ফলে ব্যাংক কর্তৃপক্ষ আইনগতভাবেই নীরব মোদির কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকা আদায় করতে পারবে। লন্ডনে অবস্থান করায় নীরব মোদির পক্ষে এই আর্থিক জরিমানার নির্দেশ এড়ানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
২০১২ সালে দুবাইয়ের একটি সংস্থাকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৪.১ মিলিয়ন ডলার ঋণ দেয়, যার ব্যক্তিগত গ্যারান্টার ছিলেন নীরব মোদি। ২০১৮ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি কাণ্ডের পর ব্যাংক ঋণের অর্থ ফেরত চাইলে নীরব মোদি কোনো সাড়া দেননি। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বিচারপতি সাইমন টিঙ্কলার নির্দেশ দেন যে, ব্যক্তিগত গ্যারান্টির শর্ত অনুযায়ী মূল ঋণ ও সুদ মিলিয়ে নীরব মোদিকে মোট ১০.৭ মিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। একইসঙ্গে, অতীতে করা প্রত্যার্পণ মামলা পুনর্বিচারের আবেদন লন্ডনের হাইকোর্ট খারিজ করে দেওয়ায় নীরব মোদির আইনি রক্ষাকবচ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, যা তাঁকে দ্রুত ভারতে প্রত্যার্পণের পথ সুগম করেছে।