৩৩ ডিগ্রি গরমে পরা ‘হুডি’ই ধরিয়ে দিল প্রেমিক যুগলকে!

মহারাষ্ট্রের লোহাগড় দুর্গে ট্রেকিংয়ে গিয়ে পুনের ব্যবসায়ী কেতন বিশাল আগরওয়ালের মৃত্যুর ঘটনায় বড় ধরনের মোড় নিয়েছে। প্রাথমিক তদন্তে দুর্ঘটনা বলে মনে করা হলেও, পুলিশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে এটি আসলে একটি সুপরিকল্পিত খুন। এই ঘটনায় নিহতের বাগদত্তা সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবারের ঠিক করা বিয়ে ভেঙে সিয়া ও চেতন পালিয়ে যেতে রাজি না হওয়ায় পারিবারিক সম্মান রক্ষার যুক্তিতে এই হত্যার পরিকল্পনা সাজানো হয়েছিল বলে জেরায় জানিয়েছে অভিযুক্তরা।

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার দিন সিসিটিভি ফুটেজে ৩৩ ডিগ্রি সেলসিয়াস গরমে হুডি পরা অবস্থায় চেতন চৌধুরীর উপস্থিতি পুলিশের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া চেতন মোবাইল ফোন অফিসে রেখে ইন্টারনেট বন্ধ করে দিয়ে লোকেশন ট্র্যাক এড়ানোর চেষ্টা করলেও পুলিশের হাতে থাকা অকাট্য কল রেকর্ড ও হোয়াটসঅ্যাপ চ্যাট তাদের দুজনকে ফাঁসিয়ে দেয়। এর আগেও অন্তত তিনবার কেতনকে খুনের ব্যর্থ চেষ্টা করেছিল এই যুগল, যার মধ্যে সাপের ভয় দেখিয়ে ধাক্কা দেওয়ার চেষ্টাও ছিল। অবশেষে লোহাগড় দুর্গে সুযোগ বুঝে কেতনকে ৪৫০ ফুট গভীর খাদে ফেলে দিয়ে হত্যা করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *