মোথাবাড়ি কাণ্ডে নয়া মোড়, বিচারকদের হেনস্তায় এনআইএ-এর জালে কংগ্রেস প্রার্থী সায়েম!
মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার কংগ্রেস নেতা সায়েম চৌধুরী
কলকাতা: মোথাবাড়িতে বিচারকদের হেনস্তা ও গাড়িতে হামলার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বড় পদক্ষেপ গ্রহণ করেছে। উসকানি দেওয়ার অভিযোগে ২০২৬ বিধানসভা নির্বাচনে মোথাবাড়ি কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল কলকাতার এনআইএ দপ্তরে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে হেফাজতে নেওয়া হয়। এর আগে চলতি বছরের এপ্রিলেই এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছিল এনআইএ। এখন পর্যন্ত এই মামলায় মোট ৭২ জনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
গত ১ এপ্রিল মালদহের কালিয়াচকের মোথাবাড়িতে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে বিডিও অফিসে বিচারকদের আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতে হামলার ঘটনা ঘটে। তদন্তকারী আধিকারিকদের দাবি, ঘটনাস্থলের ভিডিও ফুটেজে সায়েম চৌধুরীকে উসকানিমূলক বক্তব্য রাখতে দেখা গিয়েছে এবং হামলার পরিকল্পনায় তাঁর সরাসরি ইন্ধন রয়েছে। তবে গ্রেপ্তারের পর সায়েম চৌধুরী দাবি করেছেন, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এবং এর নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে।