মাসে পৌনে তিন লাখ টাকার চাকরি, কাজ কেবল অন্যের প্রেম ভাঙা!
একটি আন্তর্জাতিক ডেটিং সংস্থা ‘চিফ ব্রেকআপ অফিসার’ বা সিবিও পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদের দায়িত্ব হবে ক্লায়েন্টের হয়ে তার সঙ্গীর কাছে বিচ্ছেদের বার্তা পৌঁছে দেওয়া। অভিনব এই পেশার জন্য মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা। আবেদনের যোগ্যতা হিসেবে উচ্চমাত্রার আবেগীয় বুদ্ধিমত্তা এবং ব্যক্তিগত জীবনে ন্যূনতম তিনটি ব্রেকআপ সামলানোর অভিজ্ঞতার শর্ত জুড়ে দিয়েছে সংস্থাটি।
বর্তমান প্রজন্মের ৮৪ শতাংশ মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে ‘ঘোস্টিং’-এর শিকার হন, যা থেকে মুক্তি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকেই সরাসরি বিচ্ছেদের কথা বলতে ইতস্তত বোধ করেন, সেই অস্বস্তিকর পরিস্থিতি এড়াতেই পেশাদারদের সহায়তা নেওয়ার সুযোগ তৈরি করেছে সংস্থাটি। তবে সমাজতত্ত্ববিদ ও সম্পর্ক বিশেষজ্ঞরা এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, তৃতীয় পক্ষের মাধ্যমে বিচ্ছেদ ঘটানোর ফলে মানুষ নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ হারাবে এবং এটি মানবিক অনুভূতিকে আরও যান্ত্রিক ও দায়বদ্ধতাহীন করে তুলবে।