স্বাধীনতার সাক্ষী সেই শতায়ু পুলিশ অফিসার, শ্যামাপ্রসাদের স্মৃতিচারণে আবেগঘন বোলপুরের ‘লিভিং লেজেন্ড’!
বোলপুরের সুঁড়িপাড়ার বাসিন্দা ১০৫ বছর বয়সী প্রবীণ পুলিশ আধিকারিক কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান অনির্বাণ গঙ্গোপাধ্যায়। স্বাধীন ভারতের প্রথম ব্যাচের এই পুলিশ অফিসার ভারতের প্রথম মন্ত্রিসভার বৈঠক এবং দেশের প্রথম শিল্প ও বাণিজ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছিলেন। ইতিহাসের জীবন্ত সাক্ষী হিসেবে পরিচিত কৃষ্ণ দাসের সঙ্গে সাক্ষাতের ঘটনাটিকে অনির্বাণ গঙ্গোপাধ্যায় এক বিরল অভিজ্ঞতা ও ‘তীর্থদর্শন’ হিসেবে আখ্যা দিয়েছেন।
১৯২১ সালে জন্ম নেওয়া কৃষ্ণ দাস তাঁর স্মৃতিচারণায় জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কখনোই বাংলা ভাগ চাননি এবং দেশভাগের যন্ত্রণায় তিনি গভীরভাবে ব্যথিত ছিলেন। প্রবীণ এই পুলিশ আধিকারিকের ঐতিহাসিক বয়ানের সঙ্গে গবেষণালব্ধ তথ্যের হুবহু মিল খুঁজে পেয়ে রোমাঞ্চিত অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সৌজন্য সাক্ষাৎ শেষে কৃষ্ণ দাসের প্রতি সম্মান জানিয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁকে উত্তরীয়, পুষ্পস্তবক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি ও দুর্লভ বই উপহার দেওয়া হয়েছে।