মাত্র ৩৫ বছরেই না ফেরার দেশে ‘দ্য রিং’ খ্যাত ডেভি চেজ!
মাত্র ৩৫ বছর বয়সে প্রয়াত ‘দ্য রিং’ খ্যাত অভিনেত্রী ডেভি চেজ
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ডেভি চেজ ৩৫ বছর বয়সে মারা গেছেন। ‘দ্য রিং’ চলচ্চিত্রে ‘সামারা মরগান’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও ম্যানেজার জন রায়ান জুনিয়র। মৃত্যুকালে তিনি তীব্র অপুষ্টি এবং মেনিনজাইটিসজনিত জটিলতায় ভুগছিলেন। শেষ পর্যন্ত সেপসিসে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
অভিনয়ের পাশাপাশি ডেভি চেজ তাঁর স্বভাবজাত সারল্য ও স্বাধীনচেতা মনোভাবের জন্য পরিচিত ছিলেন। হলিউডের গ্ল্যামারের চেয়ে তিনি স্বাধীন চলচ্চিত্রেই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং লাস ভেগাসে নিভৃত জীবনযাপন করতেন। তিনি বিড়াল উদ্ধারের মতো সমাজসেবামূলক কাজের সঙ্গেও জড়িত ছিলেন। ২০০২ সালের ‘দ্য রিং’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য ২০০৩ সালে তিনি এমটিভি মুভি অ্যাওয়ার্ড এবং ডিজনির ‘লিলো অ্যান্ড স্টিচ’ ছবিতে কণ্ঠ দেওয়ার জন্য অ্যানি অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন।