মধুচন্দ্রিমাতেই প্রাণনাশের চেষ্টা! স্বামীর বিরুদ্ধে ফুঁসে উঠলেন দেবলীনা!

দাম্পত্য কলহ ও অমানবিক নির্যাতনের জেরে স্বামী ও বিমানচালক প্রবাহ নন্দীর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন সঙ্গীতশিল্পী দেবলীনা নন্দী। ২০২৪ সালের ডিসেম্বরে বিয়ের পর থেকেই স্বামীর অতিরিক্ত মদ্যপান, মাদকাসক্তি এবং শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছেন গায়িকা। বারুইপুর আদালতে দায়ের করা এই মামলায় স্বামীর পাশাপাশি শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধেও দুর্ব্যবহার এবং মানসিকভাবে হেনস্তার বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে।

আদালতে জমা দেওয়া তথ্যে দেবলীনা দাবি করেছেন, থাইল্যান্ডে মধুচন্দ্রিমার সময়সহ বিভিন্ন সময়ে তাঁকে মারধর করা হয়েছে এবং নিউটাউনের ফ্ল্যাটের বারান্দা থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এসব শারীরিক নির্যাতনের ক্ষত ঢাকতে তাঁকে প্রায়ই মেকআপ ব্যবহার করতে হতো। পাশাপাশি, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও আচরণের অভিযোগও উত্থাপন করা হয়েছে। মামলার প্রমাণ হিসেবে অডিও ও ভিডিও ক্লিপ আদালতে উপস্থাপন করা হবে বলে আইনজীবীরা জানিয়েছেন।

জননিরাপত্তার কথা বিবেচনা করে গায়িকার তরফ থেকে প্রবাহ নন্দীর পাসপোর্ট বাজেয়াপ্ত করার আবেদন জানানো হয়েছে, যাতে তিনি আইনি প্রক্রিয়া এড়িয়ে দেশত্যাগ করতে না পারেন। এছাড়া, নিয়মিত মদ্যপ ও মাদকাসক্ত একজন ব্যক্তি বিমান পরিচালনার দায়িত্বে থাকলে যাত্রীদের জীবনের ঝুঁকি থাকে বলে অভিযোগ করে তাঁকে অবিলম্বে বিমান চালনার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *