মাঝ আকাশে বিমান সেবিকাকে শ্লীলতাহানি, সিঙ্গাপুরে ভারতীয় যুবকের কড়া সাজা!
June 24, 2026
মাঝ আকাশে উড়ন্ত বিমানে কর্মরত এক বিমান সেবিকাকে শ্লীলতাহানির দায়ে আকাশ তিওয়ারি নামে এক ভারতীয় যুবককে ৬ মাসের কারাদণ্ড ও ৯৮২ মার্কিন ডলার (প্রায় এক লক্ষ টাকা) জরিমানা করেছেন সিঙ্গাপুরের আদালত। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুরের একটি অভ্যন্তরীণ উড়ানে এই ঘটনাটি ঘটে।
আদালতের নথি অনুযায়ী, আকাশ ও তাঁর চার বন্ধু পুরো যাত্রাপথেই চরম উচ্ছৃঙ্খল আচরণ করেন। ওই যুবক বিমান ওড়ার আগেই বিমান সেবিকাকে স্পর্শ করেন এবং পরবর্তীতে সার্ভিস কার্ট নিয়ে যাওয়ার সময় আবারও তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করেন। এ সময় তাঁর সঙ্গীরা পুরো বিষয়টিকে ‘তামাশা’ হিসেবে নিয়ে উল্লাস করেন। প্রধান ফ্লাইট স্টুয়ার্ডেসের কাছে অভিযোগ দায়ের করার পরও অভিযুক্ত যুবকের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি।