আগুনে ‘মুখপোড়া’ নাজিরাবাদেই ৮০০ বিঘার শিল্প হাব! কর্মসংস্থানের নতুন দিগন্ত

কলকাতা: রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম বাজেটেই শিল্পায়নের প্রতিশ্রুতি রক্ষায় উদ্যোগী হয়েছে বিজেপি সরকার। এর অংশ হিসেবে কলকাতার উপকণ্ঠে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নাজিরাবাদে প্রায় ৮০০ বিঘা জমির ওপর একটি বৃহৎ শিল্প-হাব গড়ে তোলার ব্লু-প্রিন্ট তৈরি করছে বর্তমান প্রশাসন। মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এমএসএমই) গুরুত্ব দিয়ে এই ‘ক্লাস্টার’-এ আন্তর্জাতিক মানের কোল্ড স্টোরেজ, লজিস্টিক হাব, খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং বিভিন্ন শিল্প কারখানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ভৌগোলিক অবস্থানের সুবিধাকে কাজে লাগিয়ে বিমানবন্দর, বন্দর ও ইএম বাইপাসের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনই এই প্রকল্পের মূল লক্ষ্য।

অতীতের অবৈধ কারখানা ও অগ্নিকাণ্ডের ঘটনার জেরে বিতর্কিত এই নাজিরাবাদ এলাকাকে একটি বৈধ ও নিরাপদ শিল্পাঞ্চলে রূপান্তর করতে চায় সরকার। সোনারপুর দক্ষিণের বিজেপি বিধায়ক দেবাশিস ধর জানিয়েছেন, পরিবেশের ভারসাম্য বজায় রেখেই শিল্পায়নের কাজ এগিয়ে নেওয়া হবে এবং দখল হয়ে যাওয়া জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে নতুন এই পরিকল্পনার বাস্তবায়নে স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থানে রয়েছেন। তাদের দাবি, অতীতের অভিজ্ঞতার পুনরাবৃত্তি না করে দ্রুত কারখানা স্থাপন নিশ্চিত করা হোক যাতে এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *