৪ কোটির বাংলো দখলের অভিযোগ! বেকায়দায় অতীন ঘোষ, দায়ের FIR
জমি দখল ও প্রতারণার অভিযোগে এফআইআর কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে
জমি দখল, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রতারণার অভিযোগে কলকাতার প্রাক্তন ডেপুটি মেয়র তথা প্রাক্তন বিধায়ক অতীন ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, বাইপাস সংলগ্ন মেট্রোপলিটন এলাকায় প্রায় ৪ কোটি টাকা মূল্যের আড়াই কাঠা জমির ওপর একটি তিনতলা বাংলো গত ৯ বছর ধরে জোরপূর্বক দখল করে রেখেছেন তিনি। অভিযোগকারিণীর দাবি, বাবার মৃত্যুর পর উইলে প্রাপ্ত ওই বাড়িটি অতীন ঘোষের মেয়ের পছন্দ হওয়ায়, তাঁদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, অতীন ঘোষ ও তাঁর সহযোগীরা বাড়িতে এসে হুমকি দিয়ে নথিপত্রে জোরপূর্বক সই করিয়ে নেন এবং অভিযোগকারিণীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা অগ্রিম হিসেবে পাঠিয়ে দেন। পরবর্তীকালে সেই অর্থ সুদসহ ফেরত দিতে চাইলে তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।
এসব অভিযোগ ভিত্তিহীন বলে খারিজ করেছেন অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনী ঘোষ। তাঁর দাবি, প্রবেট ছাড়া এই সম্পত্তির মালিকানা বদল সম্ভব নয়, যা অভিযোগকারিণী এখনো জমা দিতে পারেননি। তিনি আরও জানান, দলিলে ত্রুটি থাকায় বাকি ২ কোটি টাকা পরিশোধ করা হয়নি। অন্যদিকে, ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, অভিযোগ জমা পড়লে যথাযথ তদন্ত হবে, তবে তদন্ত ও বিচারের মাধ্যমেই আসল সত্য উদঘাটিত হবে।