মদের বোতলের QR কোড! খুনের রহস্য উন্মোচন, ২৪ ঘণ্টায় গ্রেফতার অভিযুক্ত!
রহস্যজনক হত্যার রহস্য উদঘাটন, স্ত্রী ও প্রেমিক সহ গ্রেফতার ৩
উত্তরপ্রদেশের আগ্রায় এক রোমহর্ষক হত্যাকাণ্ডের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত ১ এপ্রিল থেকে নিখোঁজ লোকেন্দ্র নামের এক ব্যক্তির আধপোড়া দেহ উদ্ধার হয় রাস্তার ধার থেকে। প্রাথমিকভাবে দেহের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে তাকে শনাক্ত করা যাচ্ছিল না। তবে, ঘটনাস্থলে পড়ে থাকা একটি খালি মদের বোতল তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। বোতলে থাকা কিউআর কোড স্ক্যান করে পুলিশ জানতে পারে কোন দোকান থেকে এটি কেনা হয়েছিল।
মদের দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ দেখতে পায়, নিখোঁজ লোকেন্দ্র আরও দুই ব্যক্তির সঙ্গে মদ কিনছিলেন। এই সূত্র ধরে মহেশ ও ধর্মবীর নামে দুজনকে শনাক্ত করা হয়। তাদের জেরা করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, নিহত লোকেন্দ্রর স্ত্রীর সঙ্গে মহেশের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। লোকেন্দ্র এই সম্পর্কের বিষয়টি জেনে যাওয়ায় এবং পরিবার ও প্রতিবেশীদের কাছে তা ফাঁস করে দেওয়ায়, নিহতের স্ত্রী ও তার প্রেমিক মিলে লোকেন্দ্রকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে।
পূর্বপরিকল্পনা অনুযায়ী, মহেশ ও ধর্মবীর মদ খাওয়ার অছিলায় লোকেন্দ্রকে একটি নির্জন মাঠে নিয়ে যায়। সেখানে তাকে প্রচুর পরিমাণে মদ খাইয়ে বেহুঁশ করে শ্বাসরোধ করে খুন করা হয়। পরিচয় গোপন করার জন্য খুনিরা লোকেন্দ্রর মুখে ও দেহে আগুন লাগিয়ে দেয়। তবে, লোকেন্দ্রর হাতে থাকা একটি ট্যাটু দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করতে সক্ষম হন। ডিজিটাল তথ্য ও পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে পুলিশ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই নিহতের স্ত্রী, প্রেমিক এবং তাদের সহযোগীকে গ্রেফতার করেছে।