আয়ুষ্মান ভারত কার্ড পেতে আপনার কী কী নথি লাগবে, জানুন বিনামূল্যে চিকিৎসার খুঁটিনাটি!
পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর পর থেকে রাজ্যজুড়ে এই কার্ড তৈরির জন্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনলাইন আবেদনের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণ শিবিরেও উপচে পড়ছে ভিড়। এই প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা প্রতি বছর সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। এর মাধ্যমে হার্ট, স্নায়ু ও কিডনির মতো জটিল রোগের চিকিৎসা, ওষুধের খরচ এবং শারীরিক পরীক্ষার ব্যয় বহন করা হবে। রাজ্য ও দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যাবে।
আবেদনের জন্য আবেদনকারীর পারিবারিক পরিচয়পত্র, রেশন কার্ড ও নির্দিষ্ট সরকারি পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক এবং যাচাইকরণের জন্য একটি সচল মোবাইল নম্বর প্রয়োজন। এই প্রকল্পের সুবিধা পাবেন বার্ষিক আড়াই লক্ষ টাকার কম আয়সম্পন্ন পরিবার, ভূমিহীন ব্যক্তি, দিনমজুর, কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবার, তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষ এবং উপার্জনক্ষম সদস্যহীন পরিবার। এছাড়া ৭০ বছর ঊর্ধ্ব যেকোনো প্রবীণ নাগরিকও এই প্রকল্পের সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা abdm.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য যাচাই করে অনলাইনেও এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।