জামিনে মুক্ত হলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার!

ধর্ষণের চেষ্টার মামলায় জামিন পেলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বৃহস্পতিবার হুগলি জেলা জজ কোর্টের বিচারক অমিত চক্রবর্তী ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে রাস্তা অবরোধ, পুলিশের কাজে বাধা দেওয়া ও তোলাবাজির মতো একাধিক মামলায় জামিন পেলেও, ধর্ষণের চেষ্টার মামলায় এতদিন তিনি জেলবন্দি ছিলেন। এই জামিনের ফলে তাঁর কারামুক্তির পথ সম্পূর্ণ পরিষ্কার হলো।

গত ৩০ মে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে চুঁচুড়ার পিপুলপাতি এলাকায় পথ অবরোধ ও বিক্ষোভ শুরু করেছিলেন তৃণমূল নেতা-কর্মীরা। সেই বিক্ষোভ চলাকালীন পুলিশের কাজে বাধা প্রদান ও ধস্তাধস্তির অভিযোগে অসিত মজুমদারসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় চুঁচুড়া পুরসভার পুরপ্রধান, উপ-পুরপ্রধানসহ একাধিক কাউন্সিলরের গ্রেফতারির জেরে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। সবকটি মামলায় জামিন পাওয়ায় হুগলি জেলা তৃণমূল শিবিরে স্বস্তি ফিরেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *