জুলাই সনদ নিয়ে উত্তাল রাজপথ, জামাতের হুঁশিয়ারিতে কি থমকে যাবে রাজনীতি?
‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। নির্বাচনের পাশাপাশি হওয়া গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের ৪৮টি প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিলেও, সরকার তা বাস্তবায়নে গড়িমসি করছে বলে অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন, জাতীয় সংসদে এই ইস্যুর সম্মানজনক সমাধান না হলে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে। জনগণের রায়ের সঙ্গে কোনো ধরনের আপস বা বিশ্বাসঘাতকতা করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
সংবিধান ‘সংস্কারের’ পরিবর্তে বর্তমান সরকার ‘সংশোধনের’ পথে হাঁটছে বলে অভিযোগ করেছে জামায়াত। গত ১৭ ফেব্রুয়ারির শপথ অনুষ্ঠানে বিরোধী দলগুলো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও সরকারি দল বিএনপি তা এড়িয়ে যাওয়ায় রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে। এই পরিস্থিতিতে শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, সরকার সংবিধান সংশোধনের জন্য কোনো কমিটি গঠন করলে বিরোধী দল তাতে যোগ দেবে না।
এই দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোট দেশব্যাপী বিক্ষোভ, সমাবেশ ও গণসংযোগসহ দীর্ঘমেয়াদি আন্দোলনের কর্মসূচি প্রস্তুত করেছে। জোটের বাইরেও ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ খেলাফত মজলিস রাজপথে সক্রিয় হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার দ্রুত জুলাই সনদের বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ না নিলে রাজপথে বড় ধরনের রাজনৈতিক সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে।