রাম মন্দিরের দানবাক্সে ১০ কোটির চুরি! সিসিটিভি ফুটেজে পর্দাফাঁস করল সিট

অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহ ও সংলগ্ন চত্বরের দানবাক্স থেকে কোটি কোটি টাকা এবং বহুমূল্য গয়না চুরির ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। ঘটনার তদন্তে নেমে স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) নিশ্চিত হয়েছে যে, চুরির প্রমাণ লোপাট করতে মন্দিরের সিসিটিভি ফুটেজ মুছে ফেলা বা এডিট করা হয়েছে। দীর্ঘ তিন দিনের ডিজিটাল প্রমাণ বিশ্লেষণ ও ম্যারাথন তল্লাশির পর এই তথ্য সামনে আসায় তদন্তের গতিপ্রকৃতি সম্পূর্ণ বদলে গিয়েছে।

সিসিটিভি ফুটেজে কারচুপির প্রমাণ মেলায় তদন্তকারীদের সন্দেহের তির এখন মন্দিরের নজরদারি ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের দিকে। এ ছাড়া দানবাক্সের টাকা ও সোনা গণনার প্রক্রিয়ায় যুক্ত ব্যাঙ্ক কর্মীদের ভূমিকাও তদন্তের আওতায় আনা হয়েছে। মন্দিরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের জন্য বিপুল অর্থ ব্যয় করা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থাকে এড়িয়ে কীভাবে এই চুরির ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে সিট প্রায় ২০০ জনের একটি জিজ্ঞাসাবাদের তালিকা তৈরি করেছে, যার মধ্যে ১২৫ জনেরও বেশি কর্মীকে জেরা করা হয়েছে। অভ্যন্তরীণ যোগসাজশ ছাড়া এই চুরির ঘটনা অসম্ভব বলে ধারণা করছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *