ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, ধ্বংসস্তূপের নিচে কয়েক হাজার! মৃতের সংখ্যা বেড়ে ২৩৫
ভেনেজুয়েলায় বুধবার সন্ধ্যায় ৩৮ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা জোড়া শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ২৩৫ জনের প্রাণহানি ঘটেছে। ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাডো জানিয়েছেন, এই প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন প্রায় ৪৩০০ জন। রাজধানী কারাকাস থেকে ১৬০ কিলোমিটার দূরে অনুভূত প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.২, যার পরপরই ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি কারাকাস ও সংলগ্ন অঞ্চলগুলোতে আঘাত হানে। উপকূলবর্তী লা গুয়াইরা এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে শতাধিক বাড়ি ধসে পড়েছে এবং ৭০ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের পর অন্তত ২০ বার আফটারশক অনুভূত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজারো মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় ভেনেজুয়েলা সরকার উদ্ধারকর্মীর সংখ্যা বৃদ্ধি করেছে। পাশাপাশি, রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে বিশেষ উদ্ধারকারী দল ও ১৫ মিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া মার্কিন সরকার ভেনেজুয়েলাকে ১৫০ মিলিয়ন ডলারের ত্রাণ সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।