৯ বছরেই ঋতুস্রাব! কেন এত দ্রুত বদলাচ্ছে মেয়েদের বয়ঃসন্ধি?

বর্তমানে মেয়েদের ঋতুস্রাব বা পিরিয়ড শুরুর স্বাভাবিক বয়স ১১ থেকে ১৩ বছরের পরিবর্তে ৮ থেকে ৯ বছর বা তারও আগে নেমে আসায় উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, নির্দিষ্ট বয়সের আগে বয়ঃসন্ধি শুরু হওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়, বরং এটি ‘অকাল বয়ঃসন্ধির’ পরিষ্কার ইঙ্গিত। অভিভাবকরা অনেক সময় বিষয়টিকে স্বাভাবিক মনে করে এড়িয়ে গেলেও, শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে এটি উদ্বেগের বিষয়।

অকাল বয়ঃসন্ধির নেপথ্যে আধুনিক জীবনযাত্রার বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে শৈশবের স্থূলতা, ফাস্ট ফুড ও চিনিযুক্ত পানীয়ের আধিক্য, শরীরচর্চার অভাব, অপর্যাপ্ত ঘুম এবং অতিরিক্ত স্ক্রিন টাইম অন্যতম। শরীরে অতিরিক্ত চর্বি জমলে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যায়, যা অকাল বয়ঃসন্ধি ত্বরান্বিত করে। পাশাপাশি প্লাস্টিক, প্রসাধন সামগ্রী ও নিত্যব্যবহার্য পণ্যে থাকা হরমোন-বিঘ্নকারী রাসায়নিক এবং জিনগত কারণও এর জন্য দায়ী। এছাড়া সময়ের আগে বয়ঃসন্ধি শুরু হলে শারীরিক উচ্চতা কমে যাওয়া, স্থূলতা, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS), টাইপ-২ ডায়াবেটিস, হৃদরোগ এবং হরমোন-নির্ভর ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। এই পরিবর্তনের ফলে শিশুরা মানসিক উদ্বেগ ও আত্মবিশ্বাসের অভাবেও ভুগতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ৮ বছরের আগে হঠাৎ উচ্চতা বৃদ্ধি, মুখে ব্রণ বা মেজাজের পরিবর্তন লক্ষ্য করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *