উত্তরবঙ্গ ভাসছে বন্যায়, কালিম্পং-সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন! জারি রেড অ্যালার্ট
বর্ষার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বিচ্ছিন্ন কালিম্পং ও সিকিম
শিলিগুড়ি: বর্ষার শুরুতেই উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে তোর্ষা, মহানন্দা ও তিস্তার জলস্তর বিপদসীমার দিকে এগোচ্ছে। প্রবল বৃষ্টির জেরে ধস নেমে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় শিলিগুড়ির সঙ্গে কালিম্পং ও সিকিমের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমগামী যানবাহনগুলিকে বাগরাকোট এবং গোরুবাথান হয়ে ঘুরপথে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বালাসন নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় দুধিয়ার অস্থায়ী ফুটব্রিজটি সরিয়ে ফেলা হয়েছে, যার ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকতে পারে। এর মধ্যে ২৮ ও ২৯ জুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টির আশঙ্কায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে এবং বাকি দিনগুলিতে ‘কমলা সতর্কতা’ জারি রয়েছে। প্রশাসন সূত্রে সতর্কতা জারি করে জানানো হয়েছে, ভুটান পাহাড়ে বৃষ্টি বাড়লে নিচু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। পর্যটকদের পাহাড়ে ধসের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।