জয়নগরে ১১ বছরের শিশুকে কড়িকাঠে ঝুলিয়ে পৈশাচিক নির্যাতন!
দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের পূর্ব চন্দনেশ্বর গ্রামে খেলার ছলে গায়ে লাঠি লাগার জেরে ১১ বছরের এক নাবালককে পৈশাচিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পঞ্চম শ্রেণির ওই ছাত্রকে স্থানীয় বাসিন্দা তপন হালদার দড়ি দিয়ে বেঁধে ঘরের কড়িকাঠে উল্টো ঝুলিয়ে বেধড়ক মারধর করেন। ঘটনার সময় শিশুটির পোশাক খুলে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের দিয়ে নির্যাতনের ভিডিও রেকর্ড করা হয় এবং কাউকে কিছু না বলার জন্য তাকে হুমকি দেওয়া হয়। এই ভয়াবহ ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আঘাত গুরুতর হওয়ায় ভুক্তভোগী শিশুকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সে শারীরিক যন্ত্রণায় ভুগছে এবং স্কুলে যেতে পারছে না। পরিবারের অভিযোগের ভিত্তিতে জয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত তপন হালদার পলাতক থাকায় পুলিশ তাকে এখনও গ্রেপ্তার করতে পারেনি। বারুইপুর পুলিশ জেলার সুপার অরবিন্দ কুমার আনন্দ জানিয়েছেন, ঘটনার অভিযোগ পাওয়ার পর তা তদন্ত করে দেখা হচ্ছে।