বিনা ভাড়ায় সরকারি বাস সফর, এক ধাক্কায় মহিলা যাত্রী বাড়ল ১৪ শতাংশ!
রাজ্যের সরকারি বাসে ১ জুন থেকে মহিলাদের জন্য চালু হওয়া নিখরচায় যাতায়াত সুবিধার মাত্র সাত দিনের মধ্যেই অভূতপূর্ব সাড়া মিলেছে। পরিবহণ দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, সরকারি বাসে মহিলা যাত্রীর সংখ্যা এক ধাক্কায় ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগে বাসে মহিলা যাত্রীর হার ৪২ থেকে ৪৩ শতাংশ থাকলেও, এই পরিষেবা চালুর পর তা বেড়ে ৫৬ শতাংশে দাঁড়িয়েছে। বিশেষ করে এসি বাসেও মহিলা যাত্রীদের ভিড় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা আগে খুব একটা দেখা যেত না।
এই পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি মহিলা যাত্রীকে গন্তব্য অনুযায়ী ‘জিরো ব্যালেন্স’ বা শূন্য টাকার টিকিট দেওয়া হচ্ছে। এই বিনামূল্যে যাতায়াতের আর্থিক সামাল দিতে রাজ্যের পাঁচটি পরিবহণ নিগম—সিএসটিসি, সিটিসি, ডব্লুবিএসটিসি, এসবিএসটিসি এবং এনবিএসটিসিকে অর্থদপ্তর ইতিমধ্যেই সাড়ে ১২ কোটি টাকা করে অগ্রিম বরাদ্দ করেছে। আগামী দিনে খরচের হিসাব অনুযায়ী প্রতি মাসে নিগমগুলোকে ভর্তুকি প্রদান করা হবে। বর্তমানে সরকারি বাসে এই সিদ্ধান্তের ফলে দৈনিক প্রায় ২৫ হাজার মহিলা যাত্রী বৃদ্ধি পেয়েছে, যার ইতিবাচক প্রভাব সামগ্রিক গণপরিবহণ ব্যবস্থায় পড়ছে।