বালোচদের তীব্র রোষানলে শেষ পর্যন্ত কি সোনা-তামার খনি ছেড়ে পালাচ্ছে বেজিং!
বালোচিস্তানের সাইন্দাক খনি অঞ্চলের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছে চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থা সাইন্দাক মেটাল লিমিটেড। নিরাপত্তাজনিত পরিস্থিতির অবনতি হলে আগামী এক মাসের মধ্যে ওই অঞ্চল থেকে কার্যক্রম গুটিয়ে চিরতরে সরে যাওয়ার আলটিমেটাম দিয়েছে প্রতিষ্ঠানটি। পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী হাফিজ পাশা জানিয়েছেন, খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে বালোচ বিদ্রোহীদের লাগাতার হামলার ঘটনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
ইসলামাবাদের শাহবাজ শরিফ সরকার পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজ চাইছে। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, দেশের ভঙ্গুর অর্থনীতিতে এই অর্থ স্থায়ী কোনো সমাধান বয়ে আনবে না। এদিকে বালোচ বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলায় খনি অঞ্চলটি হাতছাড়া হওয়ার উপক্রম হওয়ায় পাকিস্তানের অর্থনীতি বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে সাইন্দাক খনিতে থাকা বিশাল পরিমাণ সোনা ও তামার মজুত উত্তোলনের বিষয়টি এখন হুমকির মুখে রয়েছে।