ভরা মেট্রোয় শ্লীলতাহানি, গ্রেপ্তার বাংলার নামী ক্রিকেট কোচ!
মেট্রো রেলে এক মহিলা সহযাত্রীর সঙ্গে আপত্তিকর আচরণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলার মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ জয়ন্ত ঘোষ দস্তিদার। গত বৃহস্পতিবার সকালে সেন্ট্রাল স্টেশনের কাছে চলন্ত ট্রেনে এই ঘটনা ঘটে। সহযাত্রীদের নজরে আসতেই তীব্র প্রতিবাদের মুখে পড়েন তিনি এবং উপস্থিত যাত্রীরাই তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। বৌবাজার থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করে তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করলে বিচারক ১৭ আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
এর আগেও জয়ন্ত ঘোষ দস্তিদারের বিরুদ্ধে শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছিল। অনূর্ধ্ব-১৫ মহিলা দলের কোচ থাকাকালীন দলেরই এক ফিজিওর আনা অভিযোগের ভিত্তিতে তাকে পদ থেকে অপসারণ করা হয়েছিল। বাংলা দলের হয়ে ত্রিমুকুট জয়ী কোচ হিসেবে সুনাম অর্জন করলেও একের পর এক অনৈতিক ঘটনায় তার ক্যারিয়ার কলঙ্কিত হয়েছে। মেট্রোর এই ঘটনায় ক্রীড়া মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে।