মন্ত্রীর আত্মীয় শুনতেই ৩০ মিনিটে ইউ-টার্ন, প্রাক্তন সেনাকর্মীর জমি উদ্ধারে তৎপর প্রশাসন!
উত্তর ২৪ পরগনার বাগদায় ভুয়ো নথি ব্যবহার করে এক প্রাক্তন সেনাকর্মীর প্রায় দেড় বিঘা জমি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তৃণমূল-ঘনিষ্ঠ ঝড়ু বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রয়াত গোকুলচন্দ্র মজুমদারের পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় ভূমি রাজস্ব দপ্তরের সহায়তায় ওই জমির সরকারি রেকর্ড নিজের নামে করিয়ে নিয়েছিলেন। গত ২৬ জুলাই এই বেআইনি দলিল হস্তান্তরের ঘটনাটি প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে থানায় ও সংশ্লিষ্ট দপ্তরে ঘুরেও পরিবারটি কোনো সুরাহা পায়নি।
তবে প্রতারিত পরিবারটি রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়ার আত্মীয়—এই তথ্য সামনে আসতেই ভূমি রাজস্ব দপ্তরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর মাত্র ৩০ মিনিটের মধ্যে প্রশাসন তড়িঘড়ি পূর্বের বিতর্কিত রেকর্ড বাতিল করে জমির মালিকানা প্রকৃত উত্তরাধিকারীদের ফিরিয়ে দেয়। প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপে ভুক্তভোগী পরিবার স্বস্তি পেলেও, সাধারণ মানুষের বিচার পাওয়ার ক্ষেত্রে প্রশাসনিক এই দ্বিমুখী আচরণ নিয়ে জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।