যাদবপুরে বিজেপির তুরুপের তাস, লাল দুর্গে এবার জাতীয়তাবাদী ঝড়! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
September 2, 202610:33 am
দেশবিরোধী দেওয়াল লিখন ও স্লোগান ঘিরে চলা তুমুল বিতর্কের মাঝেই এবার বাম দুর্গ বলে পরিচিত যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী সম্মেলন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আগামী ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন মঞ্চে এই রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, স্বপন দাশগুপ্ত ও জিষ্ণু বসুর মতো প্রথম সারির রাজ্য নেতাদের। সম্প্রতি ক্যাম্পাসের ভেতর বিতর্কিত দেওয়াল লিখন ও স্লোগান মোছা নিয়ে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতিতে বিজেপির এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।
গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিবেশ ও ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে বাম ছাত্র সংগঠন এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিতর্কিত দেওয়াল লিখনগুলি মুছে ফেলা হয়। রাজনৈতিক নেতৃত্বের একাংশ যাদবপুর ক্যাম্পাসকে কেন্দ্র করে একাধিক গুরুতর অভিযোগ তুললেও, পঠনপাঠনের পরিবেশ অক্ষুণ্ণ রাখার দাবিও জোরালো হয়েছে। ৪ সেপ্টেম্বরের এই আসন্ন সম্মেলন থেকে রাজ্য নেতৃত্ব কী বার্তা দেন এবং ক্যাম্পাসের রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রয়েছে সকলের।