মধ্যমগ্রামের নামী মলে পচা মাংসের কারবার, বাতিল ৩ রেস্তরাঁর লাইসেন্স! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
September 2, 202610:33 am
রাজ্যের খাদ্য সুরক্ষা দপ্তরের আকস্মিক অভিযানে মধ্যমগ্রামের একটি নামী শপিংমলের তিনটি রেস্তরাঁয় চাঞ্চল্যকর অনিয়ম ধরা পড়েছে। যশোর রোডের ওই অভিজাত মলে তল্লাশি চালিয়ে আধিকারিকরা দু’দিনের পুরনো বাসি চিকেন-মটন, অর্ধেক তৈরি খাবার এবং মেয়াদ উত্তীর্ণ মশলার সন্ধান পান। এমনকি একটি রেস্তরাঁর পানীয়ের বোতলে ফাঙ্গাসও মিলেছে। অভিযানের সময় ফ্রিজ থেকে খাবার সরানোর চেষ্টা হলেও তা নজরে আসে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে ওই তিনটি রেস্তরাঁর লাইসেন্স সাময়িকভাবে বাতিল করেছে খাদ্য দপ্তর।
শুধু মধ্যমগ্রাম নয়, এদিন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া, আসানসোল ও পশ্চিম বর্ধমানের বিভিন্ন অঞ্চলেও একযোগে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর, পুরসভা ও পুলিশ প্রশাসন। স্থানীয় হোটেল, রেস্তরাঁ এবং মিষ্টির দোকানগুলিতে অস্বাস্থ্যকর পরিবেশ ও ব্যবসায়িক লাইসেন্সের ত্রুটি ধরা পড়ে। সন্দেহজনক মশলা ও মাংসের নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পাঠানো হয়েছে। অনিয়ম ও নিয়ম না মানার অভিযোগে একাধিক দোকানদারকে নোটিস দেওয়া হয়েছে এবং কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।