পশ্চিমবঙ্গ দিবসে বঙ্গে মোদি! গঙ্গার বুকে ৩ হাজার ড্রোনের চোখ ধাঁধানো মেগা শো
কলকাতা: আজ ২০ জুন রাজ্যজুড়ে বিজেপি ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করছে। এই বিশেষ দিনেই রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি হুগলির তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। একই সঙ্গে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে কলকাতায় চলছে তিন দিনব্যাপী মেগা ইভেন্ট, যার আজ দ্বিতীয় দিন। আজ দিনভর এই জোড়া উৎসবে মেতেছে বাংলা।
রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির বিশেষ আকর্ষণ হিসেবে হুগলিতে চলছে ‘কালচারাল যোগা কার্নিভাল’। এতে যোগাভ্যাসের পাশাপাশি চিত্রাঙ্কন, ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং লোকসঙ্গীতের আয়োজন করা হয়েছে। এছাড়া, কলকাতাকে ‘যোগ রাজধানী’ হিসেবে তুলে ধরতে গঙ্গাবক্ষে আয়োজন করা হয়েছে ‘বন্দে যোগম’ নামক এক অত্যাধুনিক প্রদর্শনী। শনিবার সন্ধেয় আকাশের বুকে তিন হাজার ড্রোনের মাধ্যমে আলোর খেলায় ফুটে উঠবে বাংলার সংস্কৃতি ও যোগ মুদ্রার নানা রূপ।