তৃণমূল সাংসদের নিখোঁজ রহস্য, কেন মরিয়া হয়ে খুঁজছে সিআইডি?
বিধায়কদের সই জাল করার চাঞ্চল্যকর মামলায় তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে মরিয়া হয়ে উঠেছে রাজ্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে একের পর এক চেষ্টা সত্ত্বেও শ্রীরামপুরের এই প্রভাবশালী সাংসদের নাগাল পেতে ব্যর্থ হচ্ছে পুলিশ। সবশেষ শুক্রবারও কলকাতার কালীঘাট থানার পুলিশ কল্যাণের বাড়িতে নোটিস পৌঁছে দিতে গিয়ে খালি হাতে ফিরে এসেছে। এই নিয়ে টানা তিনবার সিআইডি নোটিস তৃণমূল সাংসদের হাতে পৌঁছানো সম্ভব হলো না। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, এর আগে বৃহস্পতিবার দুই দফায় কল্যাণের কলকাতার বাসভবনে পুলিশ হাজির হলেও সাংসদ বাড়িতে না থাকায় নোটিস গ্রহণ করা হয়নি। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন বলে জানানো হয়েছে।
তৃণমূলের অভ্যন্তরে বিরোধী দলনেতা নির্বাচনের ওই বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। বিধায়কদের সই জালের প্রক্রিয়ার সাথে কারা যুক্ত ছিলেন এবং ওই বৈঠকে কী ঘটেছিল তা জানতে তাঁর বয়ান রেকর্ড করা জরুরি বলে মনে করছেন তদন্তকারীরা। এর আগে সিআইডি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক কুণাল ঘোষকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করেছে। অভিষেকের বক্তব্য খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপের প্রক্রিয়া চলছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে। প্রবীণ এই সাংসদকে জিজ্ঞাসাবাদের চেষ্টা তদন্ত প্রক্রিয়ার পরবর্তী রূপরেখা স্পষ্ট করতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।