প্রেম, লিভ-ইন আর ঋণের ভার! মা-বাবা ও বোনকে কুপিয়ে খুন তরুণীর!

বেঙ্গালুরুর সিগেহল্লি এলাকার সাই গ্রিন অ্যাপার্টমেন্টে মা, বাবা এবং ছোট বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে বড় মেয়ে শ্বেতা ও তাঁর লিভ-ইন পার্টনার কেনেথের বিরুদ্ধে। সোমবার সংঘটিত এই ঘটনায় নিহত হয়েছেন সোমসুন্দর (৫৫), তাঁর স্ত্রী মুথুলক্ষ্মী (৪৮) এবং ছোট মেয়ে সুপ্রিয়া (২০)। পারিবারিক অশান্তি ও ঋণের বোঝা থেকেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শ্বেতার লিভ-ইন সম্পর্ক নিয়ে পরিবারের সাথে দীর্ঘদিন ধরে তিক্ততা চলছিল। পাশাপাশি শ্বেতা ও কেনেথ প্রায় ৩০ লক্ষ টাকার ঋণের কবলে ছিলেন, যা নিয়ে গত কয়েকদিন ধরেই পরিবারে অশান্তি দানা বেঁধেছিল। শনিবার শ্বেতার ফ্ল্যাটে বেড়াতে আসেন তাঁর পরিবারের সদস্যরা। সোমবার সন্ধ্যায় বাকবিতণ্ডার এক পর্যায়ে অভিযুক্তরা তাঁদের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ঘটনায় মা ও ছোট বোন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা সোমসুন্দর প্রাণ হারান। ঘটনার পর থেকে অভিযুক্ত যুগল পলাতক রয়েছে এবং তাঁদের ধরতে বর্তমানে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *