পর্যটকদের জন্য দারুণ সুখবর, আসছে বিশেষ অ্যাপ!

পর্যটন শিল্পকে আধুনিক করতে বিশেষ অ্যাপ আনছে রাজ্য সরকার, শিলিগুড়িতে ঘোষণা মন্ত্রীর

বাংলার পর্যটন শিল্পকে আরও আধুনিক ও পর্যটক-বান্ধব করে তুলতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। মঙ্গলবার শিলিগুড়িতে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানান, পর্যটকদের সুবিধার জন্য খুব শীঘ্রই একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য ও পরিষেবা পর্যটকদের হাতের মুঠোয় পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশজুড়ে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোর প্রচার চালানোর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

বৈঠকে পর্যটন ব্যবসায়ীরা বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারি ভর্তুকি বা সাবসিডি প্রদান, শিলিগুড়ির মহানন্দা নদীর ঘাট সংস্কার এবং বারাণসীর আদলে মহানন্দায় আরতি পরিকাঠামো তৈরির দাবি জানান। পর্যটনে ‘শিল্প’ তকমা থাকার পরেও সরকারি ভর্তুকি না পাওয়ার অভিযোগ তুলে ধরেন তাঁরা। ব্যবসায়ীদের এই সমস্যাগুলো দ্রুত খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। এছাড়া উত্তরবঙ্গের পর্যটন ও শুটিংয়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে সরকার সবরকম পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *