১৫০০ কিমি দীর্ঘ মেঘের প্রাচীর! কোন কোন জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা?

উত্তর বঙ্গোপসাগর থেকে জম্মু ও কাশ্মীর পর্যন্ত ১,৫০০ কিলোমিটার দীর্ঘ এক শক্তিশালী আবহাওয়া প্রণালীর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হিমালয়ের পাদদেশ থেকে মৌসুমী অক্ষরেখা দক্ষিণে সরে আসা এবং বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনায় জলীয় বাষ্পের বিপুল আমদানির ফলে উত্তর থেকে দক্ষিণ ভারত পর্যন্ত বৃষ্টিপাত আরও শক্তিশালী হবে। আগামী ১ থেকে ৪ জুলাইয়ের মধ্যে দেশের অবশিষ্ট রাজ্যগুলিতে বর্ষা পুরোপুরি সক্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকলেও শনি ও রবিবার ভারী বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। বজ্রপাত ও ভারী বৃষ্টির সময় সাধারণ মানুষকে বাড়তি সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *