অ্যান্টাসিডে সাময়িক আরাম, কিন্তু শরীরে বাসা বাঁধছে মরণব্যাধি! সতর্ক করলেন এইমস চিকিৎসকরা
চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়ম করে গ্যাসের ওষুধ বা অ্যান্টাসিড সেবনের অভ্যাস শরীরের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর বিশেষজ্ঞরা। দীর্ঘমেয়াদী এবং অতিরিক্ত অ্যান্টাসিড সেবনের ফলে ক্যালসিয়াম ও প্রয়োজনীয় পুষ্টি শোষণে বাধা সৃষ্টি হয়, যা হাড়কে দুর্বল ও ভঙ্গুর করে তোলে। এছাড়া এই অভ্যাসের কারণে নিউমোনিয়ার মতো ফুসফুসের সংক্রমণের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
বিশেষজ্ঞদের মতে, সাময়িক স্বস্তি পেতে গ্যাসের ওষুধ সেবন করা হলেও, মাসের পর মাস চিকিৎসকের পরামর্শ ছাড়া এর ব্যবহার অভ্যন্তরীণ শারীরিক ভারসাম্য নষ্ট করে। এই নির্ভরশীলতা কাটাতে ফাস্ট ফুড ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার পরিহার, পর্যাপ্ত জল পান, নিয়মিত ব্যায়াম এবং রাতে পর্যাপ্ত ঘুমের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। একইসঙ্গে, দীর্ঘস্থায়ী গ্যাস বা অম্বলের সমস্যা থাকলে নিজে ওষুধ না খেয়ে সঠিক কারণ নির্ণয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।