দোহায় মার্কিন-ইরান সরাসরি বৈঠক কি সম্ভব? জল্পনার অবসান ঘটাল কাতার!
কাতারের রাজধানী দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সফর নিয়ে চলমান জল্পনার অবসান ঘটিয়েছে কাতার সরকার। কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ মোহাম্মদ আল-আনসারি মঙ্গলবার এক সাপ্তাহিক ব্রিফিংয়ে জানিয়েছেন, এটি কোনো উচ্চপর্যায়ের সরাসরি রাজনৈতিক বৈঠক নয়। মূলত হরমুজ প্রণালীর সাম্প্রতিক উত্তজেনার প্রেক্ষাপটে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে মার্কিন প্রতিনিধিরা কাতারি আধিকারিক ও মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করছেন।
আল-আনসারি আরও স্পষ্ট করেছেন যে, বর্তমানে চলমান আলোচনা মূলত প্রযুক্তিগত পর্যায়ের এবং অদূর ভবিষ্যতে কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফরের পরিকল্পনা নেই। ইরানের ৬ বিলিয়ন ডলারের আটকে থাকা অর্থ ছাড়ের বিষয়টি সম্পূর্ণভাবে কূটনৈতিক অগ্রগতির ওপর নির্ভর করছে বলেও তিনি উল্লেখ করেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তজনা প্রশমনে প্রযুক্তিগত দলগুলো কাজ চালিয়ে গেলেও, ইরান ও আমেরিকার সরাসরি কোনো বৈঠকের ইঙ্গিত আপাতত পাওয়া যায়নি।