২১ জুলাইয়ের আগে বড় বিপাকে তৃণমূল, সত্যিই কি আটকে যাবে শহিদ সমাবেশ?
কলকাতায় ধর্মতলাসহ সংলগ্ন এলাকায় ৬০ দিনের জন্য সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি
কলকাতা: তৃণমূল কংগ্রেসের বার্ষিক ‘শহিদ দিবস’ কর্মসূচির ঠিক আগেই ধর্মতলার ভিক্টোরিয়া হাউস ও তার আশেপাশের এলাকায় সমস্ত ধরনের সভা, সমাবেশ ও জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ। আজ থেকে শুরু করে আগামী ৩০ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৬৩ নম্বর ধারা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনার আওতায় সিআর অ্যাভিনিউয়ের কেসি দাস ক্রসিং থেকে ওয়াই চ্যানেল এবং ভিক্টোরিয়া হাউসসহ পার্শ্ববর্তী একাধিক রাস্তা অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে বেন্টিঙ্ক স্ট্রিটকে এই বিধিনিষেধের আওতামুক্ত রাখা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে শহরের আইন-শৃঙ্খলার অবনতি ও যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে এই আপদকালীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত ৬০ দিনের নিষেধাজ্ঞার সময়সীমার মধ্যেই তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের কর্মসূচি রয়েছে। পুলিশের এই ঘোষণার ফলে শহিদ দিবসের মঞ্চ স্থানান্তরের সম্ভাবনা বা প্রশাসনিক বিশেষ ছাড় পাওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ধোঁয়াশা তৈরি হয়েছে। লালবাজারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই কড়াকড়ি অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।