ধর্ষণের অভিযোগে ধৃত বিধায়ক পরেশ রাম দাসের কাছ থেকে ২ লক্ষ টাকা ও ৬টি মোবাইল বাজেয়াপ্ত

ধর্ষণের অভিযোগে ধৃত বিধায়ক পরেশ রাম দাসের কাছ থেকে ২ লক্ষ টাকা ও ৬টি মোবাইল বাজেয়াপ্ত

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসকে সোমবার কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মুম্বই যাওয়ার পথে তাঁকে আটক করা হয়। তল্লাশির সময় তাঁর কাছ থেকে নগদ প্রায় ২ লক্ষ টাকা এবং ছ’টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা মোবাইলগুলোর তথ্য খতিয়ে দেখা হবে। আইনি প্রক্রিয়া মেনে মঙ্গলবার বাজেয়াপ্ত সামগ্রী ও সিজার লিস্ট আদালতে পেশ করা হয়েছে।

বিধায়কের সঙ্গে থাকা বিকাশ সাহানি নামে এক সিভিক ভলান্টিয়ারকেও আটক করা হয়েছে। তিনি ক্যানিং এলাকায় আইবি-তে কর্মরত ছিলেন। পুলিশের অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ার বিধায়ককে পুলিশের গোপন তথ্য পাচার করতেন। ক্যানিংয়ের একটি মারামারির ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। বিধায়ক গত বেশ কিছু দিন ধরে গা-ঢাকা দিয়েছিলেন এবং তদন্তে সহযোগিতা করছিলেন না বলে পুলিশের দাবি।

বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ ছাড়াও দুর্নীতি, রাজনৈতিক হিংসা, প্রতারণা এবং মাতলা নদীর চর দখল করে আশ্রম তৈরির মতো একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগকারিণীর দাবি, ২০২৩ সালে পঞ্চায়েত ভোটে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে চার লক্ষ টাকা নিয়ে বিধায়ক তাঁকে ধর্ষণ করেন। ভয়ে এতদিন তিনি অভিযোগ জানাতে পারেননি, তবে সেপ্টেম্বর মাসে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিধায়কের গ্রেফতারির পর রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *