কম পড়ুয়া থাকা নিউ সেট আপ জুনিয়র হাইস্কুলগুলিকে নিকটবর্তী স্কুলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ

রাজ্যের কম পড়ুয়া সংখ্যা বিশিষ্ট নিউ সেট আপ জুনিয়র হাইস্কুলগুলিকে নিকটবর্তী অন্য স্কুলের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা দপ্তর। শিক্ষার অধিকার আইন মেনে এই সংযুক্তিকরণ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, স্কুল সংযুক্তিকরণের সময় বিষয়টি নিশ্চিত করতে হবে যাতে কোনো পড়ুয়াকেই এক কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে না হয়।
শিক্ষা দপ্তরের আধিকারিকদের মতে, বাম আমলে স্থাপিত এই স্কুলগুলির ভৌগোলিক ও আর্থ-সামাজিক অবস্থানের কারণে সেখানে পড়ুয়া সংখ্যা বৃদ্ধি করা সম্ভব নয়। তাই স্কুল মার্জার বা সংযুক্তিকরণই একমাত্র পথ বলে মনে করা হচ্ছে। তবে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের দাবি, পরিকাঠামোগত দুর্বলতা ও শিক্ষক সংকটের কারণেই অনেক অভিভাবক এই স্কুলগুলির ওপর আস্থা হারিয়েছেন। তাদের মতে, পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষক নিয়োগের মাধ্যমে পড়ুয়াদের ফিরিয়ে আনা সম্ভব।
এদিকে, শিক্ষা দপ্তর ক্লাসের সময় বাঁচাতে শিক্ষকদের ফোনে এআই অ্যাপের মাধ্যমে ফেস রেকগনিশন প্রযুক্তি ব্যবহার করে পড়ুয়াদের হাজিরা নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে। এই নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হাজিরা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আনার পরিকল্পনা করা হয়েছে।