তারাতলায় নির্মীয়মাণ গুদাম ধসে মৃত ৩, ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসছে করুণ আর্তনাদ!
কলকাতার তারাতলায় বুধবার দুপুরে একটি নির্মীয়মাণ গুদামের বিশাল ছাদ ভেঙে পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং ১৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কলকাতা বন্দর কর্তৃপক্ষের জায়গায় বেসরকারি চা সংস্থার এই গুদামটি গত দেড় বছর ধরে নির্মাণ করা হচ্ছিল। ধ্বংসস্তূপের নিচে আরও কতজন শ্রমিক আটকে রয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন, সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকদের বয়ান অনুযায়ী, বুধবার সকাল থেকেই কাঠামোর নড়বড়ে অবস্থা নজরে এলে কয়েকজন শ্রমিক তা পরীক্ষা করতে যান। ঠিক সেই মুহূর্তেই বহুতল কাঠামোটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এদিকে, গুদাম নির্মাণের দায়িত্বে থাকা ব্যবসায়ী আসগর খানের বিরুদ্ধে সুরক্ষামূলক ব্যবস্থা না নেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয়রা। বিশাল আকারের কংক্রিটের ও লোহার রডের স্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের।