জনগণের দোরগোড়ায় সরকারি পরিষেবা, এবার শুরু হচ্ছে জনকল্যাণ শিবির!

রাজ্যজুড়ে চালু হচ্ছে ‘জনকল্যাণ শিবির’, মিলবে ৫৫ ধরনের সরকারি পরিষেবা

সরকারি পরিষেবা সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী ১৫, ১৬ ও ১৭ জুন রাজ্যের প্রতিটি ব্লকে তিন দিনব্যাপী ‘জনকল্যাণ শিবির’ আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। পূর্ববর্তী সরকারের ‘দুয়ারে সরকার’ কর্মসূচির আদলে নেওয়া এই মেগা জনসংযোগ কর্মসূচিতে এক ছাতার তলায় ৫৫ ধরনের সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ থাকবে। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ও বার্ধক্য ভাতা এবং পিএম কিষান যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে নতুন আবেদন ও নথিভুক্তকরণের পাশাপাশি আধার ও ভোটার কার্ড সংশোধনসহ বিভিন্ন সরকারি পরিষেবার জটিলতা দূর করাই এই শিবিরের মূল লক্ষ্য।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রকল্পের নিয়মাবলি বা নথিপত্র নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং যোগ্য সুবিধাভোগীরা যাতে প্রকল্প থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এই শিবিরগুলোতে সরকারি পরিষেবার পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা আবেদন সংক্রান্ত অভিযোগও জানানো যাবে। সরকারের উন্নয়নমূলক কাজের গতি ত্বরান্বিত করতে এবং সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি মেলবন্ধন ঘটাতে আগামী সপ্তাহে ব্লক স্তরে এই কর্মসূচি কার্যকর করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *