কেন্দ্রের টাকা ফেরানোই কাল! ৭৮০ শহরের উন্নয়ন আটকে তৃণমূলকে তোপ, শমীকের নিশানায় শাসকদল
রাজ্যে পরিকল্পিত উন্নয়নের গতি ব্যাহত হওয়ার জন্য পূর্বতন তৃণমূল সরকারের প্রশাসনিক অনীহা ও উদাসীনতাকে দায়ী করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার সমাজমাধ্যমে তিনি অভিযোগ করেন, শুধুমাত্র রাজনৈতিক কারণে ২০১৬ সালে কেন্দ্রীয় সরকারের একটি বড় উন্নয়নমূলক প্রকল্প রাজ্যে বাস্তবায়িত হতে দেওয়া হয়নি। তাঁর দাবি, এর ফলে রাজ্যের ৭৮০টি ‘সেনসাস টাউন’-এর সাধারণ মানুষ চরম বঞ্চনার শিকার হয়েছেন।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, ২০১৬ সালে কেন্দ্র সরকার এই ৭৮০টি সেনসাস টাউনকে নগর প্রশাসনের আওতায় এনে উন্নত রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও স্ট্রিট লাইটের মতো পরিষেবা প্রদান করতে চেয়েছিল। তবে তৎকালীন রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। শমীক ভট্টাচার্য আরও জানান, রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ায় এখন এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে অত্যাধুনিক প্রযুক্তি ও আর্থিক সহায়তায় এই অবহেলিত অঞ্চলগুলিতে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।