গ্রামাঞ্চলেও মিলবে সিটি স্ক্যান ও ইউএসজি! রাজ্যে নতুন ২০০টি ‘আরোগ্য মন্দির’ তৈরির ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোয় বড় ঘোষণা রাজ্যের, তৈরি হবে ২০০টি ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’
কলকাতা: পশ্চিমবঙ্গের প্রান্তিক ও গ্রামীণ এলাকায় উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ২০০টি নতুন ‘আয়ুষ্মান আরোগ্য মন্দির’ তৈরির ঘোষণা করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো মজবুত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, পাতিপুকুর যক্ষ্মা হাসপাতালটিকেও রাজ্য সরকার সরাসরি অধিগ্রহণের পরিকল্পনা গ্রহণ করেছে।
ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনাও নিয়েছে রাজ্য সরকার। এখন থেকে ব্লক স্তরের হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি এক্স-রে, ইউএসজি ও আধুনিক প্যাথলজিক্যাল পরীক্ষার সুবিধা প্রদান করা হবে। সাধারণ মানুষকে চিকিৎসার জন্য জেলা সদর বা কলকাতায় আসতে না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে প্রতিটি মহকুমা হাসপাতালে সিটি স্ক্যান (CT Scan)-এর অত্যাধুনিক পরিষেবা চালু করা হবে।