কলেজগুলির ইউনিয়ন রুম খুলতেই কড়া নির্দেশ বিকাশ ভবনের!
রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ছাত্র সংসদের তহবিলের হিসাব খতিয়ে দেখতে সমস্ত সরকারি, সাহায্যপ্রাপ্ত ও স্পনসর্ড কলেজগুলোর দীর্ঘদিন ধরে তালাবন্ধ থাকা ছাত্র ইউনিয়ন রুম খোলার নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর। ইউনিয়নের ফি বাবদ সংগৃহীত ফান্ডের অডিট এবং ভেতরের সরকারি সম্পত্তির তালিকা প্রস্তুত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এই নির্দেশ কার্যকর করে বিকাশ ভবনে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে কলেজ কর্তৃপক্ষকে।
নির্দেশিকা অনুযায়ী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ বা টিচার-ইন-চার্জের উপস্থিতিতে এবং অন্তত পাঁচজন স্থায়ী শিক্ষক ও অশিক্ষক কর্মীর তত্ত্বাবধানে এই তালা খোলা হবে। আইনি জটিলতা এড়াতে পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করা বাধ্যতামূলক করা হয়েছে। ঘরের ভেতর থেকে কোনো আপত্তিকর সামগ্রী উদ্ধার হলে তা দ্রুত গভর্নিং বডি ও ডিপিআই-কে লিখিতভাবে জানাতে হবে। রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কলেজ ভর্তির সময়ে ছাত্র সংগঠনগুলোর প্রভাব ও ইউনিয়ন রুম ঘিরে ওঠা অভিযোগ রুখতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।