আরামবাগে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ২, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
হুগলির আরামবাগের আদমবাঁধে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গিয়ে দুই মহিলার মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। মৃতরা হলেন পূর্ব বর্ধমানের রায়নার ধাড়ান আদিবাসী পাড়ার বাসিন্দা লক্ষ্মী মুর্মু (৬৫) ও শর্মিলা সরেন (৩৫)। তাঁরা বাস যোগে তারকেশ্বর হয়ে শেওড়াফুলিতে গঙ্গা স্নানে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ধমান থেকে তারকেশ্বরগামী বাসটি আদমবাঁধের কাছে পৌঁছালে হঠাৎ বিকট শব্দের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করলে পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়, সেখানে চিকিৎসকরা ওই দুই মহিলাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বিধায়ক হেমন্ত বাগ, বিমান ঘোষ ও সুশান্ত ঘোষ হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার তদারকি করেন। প্রশাসনের পক্ষ থেকে আহতদের সুচিকিৎসার সবরকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।