দুর্যোগের ভ্রুকুটি! উত্তরে ভারী বৃষ্টি আর দক্ষিণে ঝোড়ো হাওয়া, সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা

মঙ্গলবার ঝোড়ো হাওয়া ও ব্যাপক বৃষ্টিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হওয়ার পর আজও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৫৯.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং দার্জিলিং ও কালিম্পংয়ে ধস নামার আশঙ্কার কথা জানানো হয়েছে। প্রতিকূল পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের উত্তাল সমুদ্রে মৎস্যজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ সেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *