আইনজীবী নিয়োগ নিয়ে চরম নাটক! সিয়ার ভাইয়ের বিরুদ্ধে ১০ কোটির মানহানির মামলা
আইনজীবী নিয়োগ নিয়ে বিতর্ক: সাহিল গোয়েলকে ১০ কোটির মানহানির নোটিস
পুনের কেতন আগরওয়াল হত্যা মামলার তদন্ত চলাকালীন নতুন আইনি জটিলতা তৈরি হয়েছে। মামলার অন্যতম অভিযুক্ত সিয়া গোয়েলের ভাই সাহিল গোয়েলকে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠিয়েছেন সিয়ার হয়ে আদালতে সওয়াল করা আইনজীবী আশুতোষ শ্রীবাস্তব। সোমবার ভাদগাঁও মাভাল আদালতে শুনানির সময় অ্যাডভোকেট শ্রীবাস্তব নিজেকে সিয়ার নিযুক্ত আইনজীবী হিসেবে দাবি করে ওকালতনামা পেশ করেন। তবে সিয়ার ভাই সাহিল গোয়েল দাবি করেন, তাঁদের পরিবার এই আইনজীবীকে নিয়োগ করেনি এবং ওকালতনামায় সিয়ার সই জাল করা হয়েছে।
সাহিলের এই মন্তব্যের ফলে নিজের পেশাগত স্বচ্ছতা ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেছেন আইনজীবী আশুতোষ শ্রীবাস্তব। আইনি নোটিসে তিনি সাহিলকে প্রকাশ্যে বক্তব্য প্রত্যাহার করে বিনাশর্তে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যথায় সাহিলের বিরুদ্ধে বড় ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। উল্লেখ্য, ১৮ জুন লোহাগড় দুর্গে ব্যবসায়ী কেতন আগরওয়ালের রহস্যমৃত্যুর ঘটনায় সিয়া গোয়েল ও তাঁর প্রেমিক চেতন চৌধুরী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। মামলার তদন্তের পাশাপাশি আইনজীবী নিয়োগ নিয়ে এই টানাপোড়েন ঘটনাটিকে নতুন মোড় দিয়েছে।