হাসপাতালে নার্সের চরম গাফিলতি, স্যালাইন খুলতে গিয়ে বিচ্ছিন্ন শিশুর আঙুল!
শিশুর আঙুল কেটে ফেললেন হাসপাতালের কর্মী, চাঁচলে ব্যাপক উত্তেজনা
মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্যালাইনের চ্যানেল খোলার সময় কাঁচির আঘাতে তিন মাস বয়সী এক শিশুর আঙুল কেটে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে ঘটা এই ঘটনায় হাসপাতালে তুমুল উত্তেজনা ছড়ায়। হরিশ্চন্দ্রপুরের কুশিদা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান ও নাজমা বিবির সন্তানটি জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ২৬ জুন হাসপাতালে ভর্তি ছিল। পরিবারের অভিযোগ, উজ্জ্বল সাহা নামে এক অস্থায়ী কর্মী ব্যান্ডেজ কাটার সময় অসাবধানতাবশত শিশুর বুড়ো আঙুলে গভীর আঘাত করেন। অভিযুক্ত কর্মী বিষয়টি স্বীকার করে জানান, কাজের চাপে ঘুম পেয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। এ সময় প্রতিবাদ করতে গেলে ওই কর্মী শিশুর মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে স্থানীয়রা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত অস্থায়ী কর্মীকে অবিলম্বে কাজ থেকে সরিয়ে দিয়েছে এবং তাঁকে নিয়োগকারী সংস্থাকেও বিষয়টি জানিয়েছে। হাসপাতাল সুপার সুমিত তালুকদার জানিয়েছেন, মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (CMOH) নির্দেশে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে চাঁচল থানায় শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে দোষী প্রমাণিত হলে ওই কর্মীর বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।