অরূপের নামে হাসলেন নগরপাল, অন্যদিকে বিস্ফোরক মেসির দল!

রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে প্রোটোকল ভেঙে লিওনেল মেসির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। খোদ মেসির দল এই মর্মে বিধাননগর পুলিশ কমিশনারেটে একটি ইমেল পাঠিয়েছে, যেখানে জানানো হয়েছে, যুবভারতীর মাঠে অরূপ বিশ্বাস নিয়ম ভেঙে প্রবেশ করে মেসির কাঁধে ও কোমরে হাত দিয়ে ছবি তোলার চেষ্টা করেন, যা ওই ফুটবলারের জন্য অস্বস্তিকর ছিল। এছাড়া, অনুমতির বাইরে প্রায় ৪০ জন ব্যক্তিকে মাঠে প্রবেশের সুযোগ করে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনার জেরে আন্তর্জাতিক স্তরে রাজ্যের ক্রীড়া প্রশাসনের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দ অরূপ বিশ্বাসকে নিয়ে কটাক্ষ করেছেন। এক সাংবাদিক বৈঠকে তাঁর প্রসঙ্গে নগরপাল মন্তব্য করেন যে, অরূপবাবু লাইমলাইটে এলেই পরিবেশ খারাপ হয়ে যায়। এদিকে, যুবভারতীর ওই ঘটনায় দায়ের হওয়া এফআইআর-এর প্রেক্ষিতে অরূপ বিশ্বাস কলকাতা হাইকোর্টের কাছ থেকে আইনি রক্ষাকবচ পেলেও তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পুলিশি হাজিরা এড়ালেও, বিধাননগর পুলিশ তাঁকে তৃতীয় দফার নোটিস পাঠিয়েছে। নিয়মবহির্ভূত কাজে লিপ্ত থাকা ও তদন্তে অসহযোগিতার কারণে প্রাক্তন এই মন্ত্রীর ওপর প্রশাসনিক ও আইনি চাপ ক্রমশ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *